
লন্ডন, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে তলানিতে থাকা দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। তবে টেবিলের তলানিতে থাকা দলটির সঙ্গে পেরে উঠে নি আর্সেনাল। ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। উলভসের মাঠ মলিনাক্স স্টেডিয়ামে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। ম্যাচের পঞ্চম মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন বুকায়ো সাকা। এই এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্তেতার দল। দ্বিতীয় হাফে আবারও গোল করে গানারার। ৫৬ মিনিটে বল জালে পাঠান পিয়েরো হিনকাপিয়ে। এই গোলের পর মনে হচ্ছিল জয় নিয়ে মাঠ ছাড়বে আর্সেনাল।
কিন্তু তা হয়নি। নাটক হয় ৬১ মিনিটে। হুগো বুয়েনো উলভসের হয়ে প্রথম গোলটি করেন। আর ম্যাচে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উলভসকে সমতায় ফেরান এডোজি। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। আর ২৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সবচেয়ে নিচে রয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি