
কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি. স.) : ক্রিকেট মাঠে দুর্দান্ত সাফল্য পেল বেহালা কিশোর ভারতী গার্লস হাই স্কুল। ফাইনালে বালিয়া নফর চন্দ্র বালিকা বিদ্যালয়কে ৯ উইকেটে পরাজিত করে সিএবি অনূর্ধ্ব-১৬ গার্লস স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল তারা।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বালিয়া নফর চন্দ্র বালিকা বিদ্যালয় নির্ধারিত ৩৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১০ রান তোলে। তাদের পক্ষে সুকৃতি দেবশর্মা সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলে। বেহালা কিশোর ভারতী গার্লস হাই স্কুলের হয়ে বল হাতে নজর কাড়ে পাপড়িয়া দাস; সে মাত্র ১৫ রান খরচ করে ৩টি উইকেট দখল করে।
জবাবে ব্যাট করতে নেমে বেহালা কিশোর ভারতী গার্লস হাই স্কুল মাত্র ১৫.৫ ওভারে ১ উইকেট হারিয়েই ১১১ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের জয়ে ব্যাটিংয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন ঈশানী মজুমদার (অপরাজিত ৩৭) ও দেবস্মিতা (অপরাজিত ৩৪)। অলরাউন্ড পারফরম্যান্সের জোরে দাপটের সঙ্গে শিরোপা দখল করল বেহালার স্কুলটি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত