
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় বীরভূম জেলার সাঁইথিয়া রেলওয়ে স্টেশনের ভোল বদলে দেওয়ার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে পূর্ব রেল। সোমবার পূর্ব রেলের পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে, ভারতীয় রেলের এই উচ্চাভিলাষী প্রকল্পের মূল লক্ষ্য হলো স্টেশনগুলিকে অত্যাধুনিক ও যাত্রীবান্ধব করে তোলা এবং সেগুলিকে সংশ্লিষ্ট অঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা। পশ্চিমবঙ্গের মোট ১০১টি স্টেশনকে এই বিশেষ প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে সাঁইথিয়া অন্যতম। হাওড়া-রামপুরহাট-গুমানি শাখার এই গুরুত্বপূর্ণ স্টেশনটি তীর্থযাত্রা, বাণিজ্য ও শিক্ষার ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে অন্যতম সতীপীঠ হিসেবে পরিচিত বিখ্যাত নন্দিকেশ্বরী মন্দিরের প্রবেশদ্বার হওয়ায় প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী ও যাত্রী এই স্টেশনটি ব্যবহার করেন।
স্টেশনের এই পুনর্গঠন পরিকল্পনায় নানাবিধ আধুনিক ব্যবস্থার কথা বলা হয়েছে। নতুন পোর্চ ও আধুনিক ফাসাড নির্মাণের পাশাপাশি উন্নত পার্কিং ও সার্কুলেটিং এরিয়া তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া স্টেশনে থাকছে হাই-লেভেল প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম শেড সম্প্রসারণ, লিফট, সংস্কারকৃত প্রতীক্ষালয় এবং আধুনিক শৌচাগারের সুবিধা। যাত্রীদের যাতায়াত সহজ করতে বহুভাষিক সাইনেজ, কোচ পজিশন ডিসপ্লে বোর্ড, দিব্যাঙ্গ-বান্ধব র্যাম্প এবং পর্যাপ্ত পানীয় জলের বুথের ব্যবস্থা রাখা হয়েছে। উন্নত আলোকসজ্জার মাধ্যমে স্টেশন চত্বরকে আরও নিরাপদ ও সুন্দর করে তোলা হবে। রেল কর্তৃপক্ষের দাবি, এই উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হলে সাঁইথিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা যেমন মজবুত হবে, তেমনই স্থানীয় বাণিজ্য ও পর্যটন শিল্প এক নতুন গতি পাবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়