
নবদ্বীপ, নদিয়া, ২৩ ফেব্রুয়ারি (হি. স.):- নদিয়ার নবদ্বীপে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেলেন এক ইস্কন ভক্ত। সোমবার দুপুরে প্রাচীন মায়াপুর জগন্নাথ মন্দির সংলগ্ন গঙ্গায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। শুরু হয় তল্লাশি অভিযান।ইস্কনের সিকিউরিটি ইনচার্জ ভক্তি সবরূপ দাস জানান, বর্তমানে ইস্কনের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা চলছে সাতটি গ্রুপের মাধ্যমে। সোমবার আন্তর্জাতিক গ্রুপটি নবদ্বীপের প্রতাপনগর এলাকায় আসে। সেখান থেকে চার-পাঁচজন ভক্ত গঙ্গায় স্নান করতে যান। বেলা আনুমানিক আড়াইটে নাগাদ অসাবধানতাবশত এক যুবক জলে তলিয়ে যান। তলিয়ে যাওয়া ভক্তের নাম বিজয় জেঠি। তাঁর বাড়ি দেরাদুনে।বিজয়ের বন্ধু কুমার মঙ্গলম জানান, তাঁরা গত ১৯ ফেব্রুয়ারি ইস্কনে এসেছিলেন। সোমবার স্নানের সময় বিজয় আগে জলে নামেন। জলের গভীরতা বুঝতে না পেরে তিনি তলিয়ে যান। প্রথমে সঙ্গীরা ভেবেছিলেন তিনি ডুব দিচ্ছেন, পরে বিষয়টি বুঝতে পেরে হইচই শুরু হয়।ঘটনার প্রায় দু’ঘণ্টা পরেও তলিয়ে যাওয়া ভক্তের কোনও সন্ধান মেলেনি। তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়