জিআরপি-র তৎপরতায় মুর্শিদাবাদের নিখোঁজ নাবালিকা উদ্ধার, : কাটোয়া স্টেশনে মিলল হদিস
কাটোয়া, ২৩ ফেব্রুয়ারি ( হি. স.) : রেলওয়ে পুলিশের (জিআরপি) বিশেষ তৎপরতায় মুর্শিদাবাদ জেলা থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হলো। হাওড়া জিআরপি জেলার অন্তর্গত কাটোয়া রেল স্টেশনে এই ঘটনাটি ঘটেছে।

সোমবার জিআরপি-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানা থেকে ১৩ বছর বয়সী এক নাবালিকা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এই তথ্য পাওয়ার পরপরই জিআরপি তাদের সমস্ত পোস্টকে সতর্ক করে দেয় এবং নাবালিকার সন্ধানে তল্লাশি শুরু করে।

তল্লাশি চলাকালীন গত রবিবার কাটোয়া জিআরপি থানার অন্তর্গত ২ নম্বর প্ল্যাটফর্মে এক নাবালিকাকে সন্দেহজনক অবস্থায় ঘুরতে দেখে জিআরপি-র একটি দল। এই দলটির নেতৃত্বে ছিলেন সহকারী উপ-পরিদর্শক রমজান আলি এবং সঙ্গে ছিলেন মহিলা কনস্টেবল নীলাঞ্জনা প্রামাণিক। শক্তিপুর থানার দেওয়া বিবরণ এবং ছবির সঙ্গে মিল পাওয়ায় ওই নাবালিকাকে উদ্ধার করে কাটোয়া জিআরপি থানায় নিয়ে আসা হয় এবং চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে সুরক্ষিত রাখা হয়। জিজ্ঞাসাবাদের সময় মেয়েটি নিজের যে পরিচয় দেয়, তা পুলিশের কাছে থাকা তথ্যের সঙ্গে হুবহু মিলে যায়।

পরবর্তীতে কাটোয়া জিআরপি থেকে খবর পেয়ে শক্তিপুর থানার পুলিশ আধিকারিকরা নাবালিকার অভিভাবকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দ্রুত পদক্ষেপ এবং সঠিক সমন্বয়ের কারণেই নিখোঁজ নাবালিকাকে দ্রুত উদ্ধার করে বাড়িতে পাঠানো সম্ভব হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি

 rajesh pande