
নদিয়া, ২৩ ফেব্রুয়ারি (হি. স. ) : প্রয়াত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা ফেলানি বসাক। সোমবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তাঁর।
ফেলানির মৃত্যুর পরে এদিন তাঁর বাড়িতে যান শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তিনি বলেন, ‘আমি প্রতি বছর পুজোয় অষ্টমীতে ওঁর কাছে আসতাম। ওঁকে নতুন শাড়ি দিয়ে যেতাম। বিগত কয়েকদিন ধরে উনি খুব অসুস্থ ছিলেন। আমি খবর পেয়ে দেখাও করে গিয়েছি। ওঁর পারলৌকিক ক্রিয়ার কাজ দল থেকেই করা হবে বলে পরিবারকে জানানো হয়েছে। ওঁর মৃত্যুর খবর দিদিকে জানাব।’
ফুলিয়ায় একটি জরাজীর্ণ বাড়িতে থাকতেন ফেলানি। কয়েক বছর আগে সাপের কামড়ে তাঁর মেয়ের মৃত্যু হয়। বাড়িতে রয়েছে ফেলানির বয়স্ক ছেলে, নাতি, নাত বৌ। এ দিন নাত বৌ বলেন, ‘উনি সবসময় মুখ্যমন্ত্রীর নাম নিতেন। একবার দেখা করতে চেয়েছিলেন। ওঁর যে শরীর খারাপ সেই খবর যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছয়, সেটাও চাইতেন। মুখ্যমন্ত্রী হয়তো আসবেন না। তবে উনি চাইতেন তিনি একবার দেখতে আসুক।’
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত