
মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : ভোটের আবহে পশ্চিম মেদিনীপুর জেলার রাজনৈতিক সমীকরণে বড়সড় রদবদল লক্ষ্য করা গেল। বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেস শিবিরে ভাঙন ধরিয়ে প্রায় দেড় শতাধিক কর্মী-সমর্থক সোমবার লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এ যোগদান করলেন। এদিন মেদিনীপুর ও খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রে আয়োজিত পৃথক দুটি সভায় জেলা নেতৃত্বের উপস্থিতিতে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। দলীয় সূত্রের দাবি অনুযায়ী, যোগদানকারীদের মধ্যে বিজেপি থেকে প্রায় ৭০ জন, বামফ্রন্ট থেকে ৫০ জন এবং বাকিরা কংগ্রেস ছেড়ে এসেছেন। দলবদলকারীদের মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী বুথ স্তরের নেতাও রয়েছেন, যা দীর্ঘদিনের শক্ত ঘাঁটি এলাকায় একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।
দলবদলকারী কর্মীদের অভিযোগ, বিজেপি ও কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল এবং তৃণমূল স্তরের কর্মীদের প্রতি ক্রমাগত অবহেলার কারণেই তাঁরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। অন্যদিকে, বাম শিবির থেকে আসা কর্মীদের একাংশ জানান যে, চিরাগ পাসওয়ানের ‘বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট’ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে তাঁরা এলজেপি-র পতাকাতলে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এদিনের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি মহম্মদ রফিক আলি, সহ-সভাপতি সেলিম মোল্লা, লালন পাসওয়ান ও জেলা সভানেত্রী কাকলি দেবনাথ প্রমুখ। সভার শেষে রাজ্য সভাপতি দাবি করেন যে, এটি কেবল শুরু এবং আগামী দিনে জেলার রাজনীতিতে আরও বড় চমক অপেক্ষা করছে। এই গণ-যোগদান আসন্ন নির্বাচনে লোক জনশক্তি পার্টিকে জেলায় বাড়তি অক্সিজেন দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত