
বারাসাত, ২৩ ফেব্রুয়ারি (হি. স.):- সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর বারাসাতে এসআইআর প্রক্রিয়া নিয়ে জেলাশাসকের সঙ্গে বৈঠক করলেন বিচার বিভাগীয় আধিকারিকরা। এসআইআর সংক্রান্ত স্থগিত ও ত্রুটিপূর্ণ কাজের নথি যাচাই এবং নিষ্পত্তির দায়িত্ব সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় কর্তাদের ওপর ন্যস্ত করেছে। কলকাতা হাই কোর্টই নির্দিষ্ট করে দিয়েছে, কারা এই দায়িত্ব পালন করবেন।বিধানসভা ভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বিচারকদের মধ্যে। সোমবার বিকেল চারটে নাগাদ বারাসাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর ২৪ পরগনা জেলা আদালতের মুখ্য বিচারক শান্তনু ঝা জানান, জেলার ৩৩টি বিধানসভা এলাকায় ৩৩ জন সিনিয়র বিচারক এসআইআর পর্যালোচনার কাজে নিযুক্ত থাকবেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে।জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সরকারি পরিকাঠামোর মধ্যেই সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুসরণ করে দ্রুততম সময়ে এসআইআর সংক্রান্ত অসম্পূর্ণ ও জটিল কাজগুলি সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। প্রশাসন ও বিচার বিভাগের সমন্বয়ে প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়