
বালুরঘাট, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তেজনা ছড়ালো বালুরঘাট শহরের ৩ নম্বর ওয়ার্ড এলাকায়। ওই ওয়ার্ডের বিজেপি কার্যালয়ের সামনে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ছবি সম্বলিত একটি ফ্লেক্স রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।
সোমবার সকালে স্থানীয় বিজেপি কর্মীরা লক্ষ্য করেন যে, দলীয় কার্যালয়ের সামনে থাকা ফ্লেক্সটি ছিঁড়ে ফেলা হয়েছে। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে তারা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন।
স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনার জন্য সরাসরি শাসকদলকে দায়ী করেছেন। যদিও বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাঁদের বক্তব্য, যেকোনও ঘটনা ঘটলেই তৃণমূলের দোষ দেখতে পায় বিজেপি। আসলে ওখানে বিজেপির নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে, আর সেই কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ