
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি. স. ) : “একজন সাধারণ মহিলা নিজের এলাকার কাজ নিয়ে প্রশ্ন তোলায় যে অপমান ও নির্যাতনের মুখে পড়েছেন, তা প্রমাণ করে নারীরা আজ নিরাপদ নন।” সোমবার সামাজিক মাধ্যমে এই অভিযোগ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
তিনি লিখেছেন, “পটাশপুর–এ ‘পাড়ায় সমাধান’ প্রকল্পে অপরিকল্পিতভাবে ঢালাই রাস্তা নির্মাণের প্রতিবাদ করায় এক মহিলাকে নাবালিকা মেয়ের সামনে হাত-পা বেঁধে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। তাঁকে বাঁধা অবস্থায় ফেলে রেখেই অভিযুক্তরা রাস্তার কাজ শেষ করে বলে অভিযোগ। ঘটনায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে এবং পটাশপুর থানায় এফআইআর দায়ের হয়েছে।
এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে এটাই স্পষ্ট—মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–এর শাসনে প্রতিবাদ করলেই হেনস্তার শিকার হতে হচ্ছে।
আমার প্রশ্ন—এই রাজ্যে কি নারীর নিরাপত্তা নিশ্চিত? ভারতীয় জনতা পার্টি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সুশাসনের পক্ষে। তাই ভারতীয় জনতা পার্টি–র সরকার এলে—থাকবে না দুর্নীতি, থাকবে স্বচ্ছ শাসনব্যবস্থা ও নারীর সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার।”
সোমবার বেলা পৌনে চারটা পর্যন্ত অগ্নিমিত্রার এই ভিডিয়ো-সহ পোস্টের প্রতিক্রিয়া এবং মন্তব্য হয়েছে যথাক্রমে ৪২১ এবং ১ হাজার। ভিডিয়োটি দেখেছেন ২ লক্ষ ৭ হাজার নেটনাগরিক।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত