
বক্সনগর (ত্রিপুরা), ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : সিপাহীজলা জেলার সোনামুড়া শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র রবীন্দ্র চৌমুহনী এলাকায় রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ- ছয়টি দোকান মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাত প্রায় সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে আচমকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে দূর থেকেও ধোঁয়া ও আগুনের শিখা স্পষ্ট দেখা যাচ্ছিল। খবর পেয়ে স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং মুহূর্তেই ভিড় জমে যায় এলাকায়।
দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত দেয়। প্রায় ২০ থেকে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। তবে ততক্ষণে পাঁচ- ছয়টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি আশেপাশের আরও কয়েকটি দোকান আগুনের তাপে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলির মধ্যে রয়েছে দুটি সেলুন, একটি লন্ড্রি, একটি টেইলারিং দোকান এবং একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান। দোকান মালিকদের দাবি, কিছুক্ষণ আগেই তাঁরা দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিলেন। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান তাঁরা। নিজেদের চোখের সামনে জীবিকার একমাত্র অবলম্বন পুড়ে যেতে দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
দমকল দফতর সূত্রে জানা গেছে, আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ