
মুর্শিদাবাদ, ২৪ ফেব্রুয়ারি (হি. স.):- রাস্তা ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সিমেন্টের প্রলেপ উঠে বালি–পাথর বেরিয়ে পড়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল সুতির কয়াডাঙ্গা মোড় এলাকা। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা নবনির্মিত রাস্তার বেহাল দশা দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এবং ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে পথ অবরোধ করেন ও বিক্ষোভ দেখান।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে তড়িঘড়ি করে রাস্তা ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়। অভিযোগ, রাতের অন্ধকারে নিম্নমানের সিমেন্ট ও নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। সকালে দেখা যায়, রাস্তার বিভিন্ন অংশে জল জমে রয়েছে এবং ঢালাই আলগা হয়ে গেছে। বহু জায়গায় সিমেন্টের স্তর ধুয়ে গিয়ে বালি ও পাথর বেরিয়ে পড়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কংগ্রেস নেতা জাহাঙ্গীর শেখ। তিনি অভিযোগ করেন, সরকারি অর্থের অপচয় করা হয়েছে এবং দায়সারা কাজ করে সাধারণ মানুষকে প্রতারিত করা হয়েছে। তাঁর দাবি, অবিলম্বে এই ঢালাই বাতিল করে পাথর দিয়ে শক্তপোক্তভাবে রাস্তা নির্মাণ করতে হবে। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়