রাজাবাসা প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন, দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকটের অবসান
ঝাড়গ্রাম, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) :ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজাবাসা প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকটের অবসান ঘটল। মঙ্গলবার বিদ্যালয় চত্বরে নবনির্মিত দু’টি শ্রেণিকক্ষের উদ্বোধন করেন ঝাড়গ্রামের বিধায়ক তথা রাজ্যে
রাজাবাসা প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন, দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকটের অবসান


ঝাড়গ্রাম, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) :ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজাবাসা প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকটের অবসান ঘটল। মঙ্গলবার বিদ্যালয় চত্বরে নবনির্মিত দু’টি শ্রেণিকক্ষের উদ্বোধন করেন ঝাড়গ্রামের বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এতদিন একটি মাত্র কক্ষে প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঁচটি শ্রেণির পঠনপাঠন চলত। এর ফলে শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের প্রতিদিন চরম সমস্যার সম্মুখীন হতে হতো। ছাত্রছাত্রীর সংখ্যা বাড়লে বসার জায়গা নিয়ে বিশৃঙ্খলা তৈরি হওয়া ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। এই পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ মন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন।

​বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে মন্ত্রী তাঁর বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল (এমপিএলএডি) থেকে প্রায় ১৪ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে দু’টি কক্ষবিশিষ্ট একটি অতিরিক্ত ভবন নির্মাণের উদ্যোগ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, একটি ঘরে সব শ্রেণির পড়ুয়াদের একসঙ্গে বসিয়ে পাঠদান করা অত্যন্ত অসুবিধাজনক ছিল। পড়ুয়াদের এই দীর্ঘদিনের প্রয়োজন মেটাতে পেরে আমি আনন্দিত। বর্তমানে রাজাবাসা, রাধাশ্যামপুর ও বেলতলা গ্রামের মোট ৮৪ জন পড়ুয়া এই বিদ্যালয়ে পড়াশোনা করছে। প্রধান শিক্ষকসহ মোট চারজন শিক্ষক এখানে শিক্ষাদানের দায়িত্বে রয়েছেন। বিদ্যালয়ে রান্নার ঘর, খাওয়ার শেড ও শৌচালয় থাকলেও শ্রেণিকক্ষের অভাবই ছিল প্রধান অন্তরায়।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল পাত্র জানান, দীর্ঘদিন ধরে একটি মাত্র কক্ষে এত সংখ্যক ছাত্রছাত্রীকে নিয়ে পাঠদান চালানো কার্যত অসম্ভব হয়ে উঠেছিল, বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও জটিল হতো। নতুন ভবনের দু’টি কক্ষে এখন থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া হবে। এর ফলে পঠনপাঠনের পরিবেশ অনেকটাই উন্নত হবে বলে তিনি আশাবাদী। বিদ্যালয়ের পক্ষ থেকে তিনি মন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান। নতুন ভবন চালু হওয়ায় রাজাবাসা প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো আরও শক্তিশালী হলো এবং দীর্ঘ প্রতীক্ষার অবসানে খুশি ছাত্রছাত্রী ও অভিভাবকরা।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande