
ঝাড়গ্রাম, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) :
শারীরিক অসুস্থতার কারণে প্রয়াত হলেন বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির অধীন বাঁশপাহাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ফটিক মাহাতো। মঙ্গলবার মেচেদার একটি বেসরকারি নার্সিং হোমে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
জানা গিয়েছে, ফটিক মাহাতোর বাড়ি বেলপাহাড়ির ছুড়িমারা গ্রামে। দিন পাঁচেক আগে তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে প্রথমে তাঁকে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে মেচেদার একটি বেসরকারি নার্সিং হোমে স্থানান্তরিত করা হয়।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই তিনি বাঁশপাহাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বে ছিলেন। সাংগঠনিক কাজকর্মে তিনি সক্রিয় ভূমিকা পালন করতেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী, মা, এক ছেলে ও এক মেয়ে।
বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার ফটিক মাহাতোর প্রয়াণে শোকপ্রকাশ করে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনি দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করে গিয়েছেন। আমরা একজন সহযোদ্ধাকে হারালাম। তাঁর পরিবারের পাশে আমরা রয়েছি।”
ফটিক মাহাতোর প্রয়াণে এলাকায় ও তৃণমূল কংগ্রেসের স্থানীয় সংগঠনে শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো