
ঝাড়গ্রাম, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) :
মানসিক অবসাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জামবনি থানা এলাকার সোনামুখি গ্রামের জঙ্গলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শৈলেন মাহাত (৫৫)। তিনি সোনামুখি গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। মঙ্গলবার সকালে বাড়িতে চা খাওয়ার পর তিনি বেরিয়ে যান এবং আর বাড়ি ফেরেননি।
এরপর কিছু সময় পর স্থানীয় বাসিন্দারা জঙ্গলের মধ্যে একটি গাছের ডালে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয় এবং জামবনি থানার পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠায়। এই ঘটনার পর এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো