
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় ফের মাথাচাড়া দিয়ে উঠছে কুকুর পাচারচক্র— এমনই অভিযোগ সামনে এল খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন চাকমাঘাট চামপ্লাই এলাকায়। পাঁচটি দেশি প্রজাতির কুকুরকে পাচারের উদ্দেশ্যে বস্তাবন্দী করে জঙ্গলে ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ।
মঙ্গলবার সকালে স্থানীয় সচেতন বাসিন্দাদের নজরে আসে ঘটনাটি। তারা দ্রুত মুঙ্গিয়াকামী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
পরে আগরতলা থেকে ত্রিপুরার কুকুর সংরক্ষণকারী সংস্থা “পশম”-এর সদস্যরা ঘটনাস্থলে এসে কুকুরগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে তাদের নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসীদের অভিযোগ, এই পাচার বাণিজ্যের সঙ্গে স্থানীয় কয়েকজনের নাম জড়িত। বিশেষ করে লনসা ত্রিপুরা ও বাদল দেববর্মা নামের দু’জনের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় একটি সক্রিয় পাচারচক্র কাজ করছে এবং প্রশাসনের আরও কড়া নজরদারি প্রয়োজন।
ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সচেতন মহলের মতে, সময়মতো পুলিশ ও সংরক্ষণ সংস্থার উদ্যোগ না থাকলে বড় ধরনের প্রাণী পাচারের ঘটনা ঘটতে পারত। পাচারচক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা গেছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ