
আসানসোল, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা আদালতে মঙ্গলবার বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে একটি হুমকি ই-মেলকে ঘিরে। জেলা বিচারক জানান, সকাল প্রায় এগারোটা নাগাদ আদালতের সরকারি ই-মেলে একটি বার্তা আসে, যেখানে দাবি করা হয় আদালত ভবনে আরডিএক্স পুঁতে রাখা হয়েছে। বাংলায় লেখা ওই ই-মেলটি তামিলনাড়ু থেকে পাঠানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।ঘটনার পরপরই বিষয়টি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে জানানো হয়। দ্রুত আদালত চত্বরে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে আদালত ভবন ও চত্বর ফাঁকা করে দেওয়া হয়। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস হওয়ায় এদিন আদালতে আইনজীবী, পুলিশকর্মী, বিচারপ্রার্থী সাধারণ মানুষ এবং বিভিন্ন থানার হাজতবন্দিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে ডগ স্কোয়াড ও বোম স্কোয়াড এনে গোটা ভবনে তল্লাশি শুরু হয়। পুলিশের এক আধিকারিক জানান, “তল্লাশি চলছে। নিরাপত্তার স্বার্থে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।” শেষ খবর পাওয়া পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়