
পশ্চিম মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি (হি. স.):- ঢালাই রাস্তার দাবিতে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মঙ্গলবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা–২ নম্বর ব্লকের ভগবানবাটী গ্রামের বাসিন্দারা চন্দ্রকোনা থেকে পলাশচাপড়িগামী গুরুত্বপূর্ণ রাস্তায় অবরোধ শুরু করেন। এর জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে ভগবানবাটী গ্রামের গুরুত্বপূর্ণ মাটির রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সম্প্রতি মোরাম দিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। তবে সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় পরিণত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তাই তাঁদের স্পষ্ট দাবি, মোরাম নয়—স্থায়ী সমাধান হিসেবে ঢালাই রাস্তা নির্মাণ করতে হবে।দাবি না মানা হলে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা। তাঁদের বক্তব্য, প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা সরাসরি এসে আলোচনা না করা পর্যন্ত অবরোধ তোলা হবে না।এ বিষয়ে চন্দ্রকোনা–২ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ জানান, ১ লক্ষ ৩৮ হাজার টাকা বরাদ্দ করে মোরাম রাস্তার কাজ শুরু হয়েছে এবং পরবর্তী পর্যায়ে ঢালাই করার পরিকল্পনা রয়েছে। তবে গ্রামবাসীরা আপাতত নিজেদের দাবিতে অনড় রয়েছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়