নকশালবাড়ি থানা চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বড়সড় বিপদের হাত থেকে রক্ষা
শিলিগুড়ি, ২৪ ফেব্রুয়ারি (হি. স.): দার্জিলিং জেলার নকশালবাড়ি থানা চত্বরে মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। থানার পেছনে থাকা পরিত্যক্ত একটি এলাকায় প্রথমে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে সেখানে বাজেয়াপ্ত করে রাখা মোটরস
নকশালবাড়ি থানা চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বড়সড় বিপদের হাত থেকে রক্ষা


শিলিগুড়ি, ২৪ ফেব্রুয়ারি (হি. স.): দার্জিলিং জেলার নকশালবাড়ি থানা চত্বরে মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। থানার পেছনে থাকা পরিত্যক্ত একটি এলাকায় প্রথমে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে সেখানে বাজেয়াপ্ত করে রাখা মোটরসাইকেলগুলোর ওপর।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, থানা চত্বর থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করলে পুলিশকর্মী এবং স্থানীয় বাসিন্দারা মিলে আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা শুরু করেন। খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় কয়েক ঘণ্টার কঠোর পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এই অগ্নিকাণ্ডে থানায় বাজেয়াপ্ত করে রাখা বেশ কিছু মোটরসাইকেল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে স্বস্তির বিষয় এই যে, থানা চত্বরের ঠিক দুই পাশেই স্কুল ও হাসপাতাল অবস্থিত থাকলেও আগুন সেখানে ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। ফলে এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে এলাকাটি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। দমকল ও পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুরো এলাকাটি বর্তমানে পরিষ্কার করার কাজ চলছে এবং পুলিশ খতিয়ে দেখছে শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande