
ভাগলপুর, ১ মার্চ (হি.স.): বিহারের ভাগলপুর জেলার কাহালগাঁও থানা এলাকা থেকে সাত কিলোগ্রাম মাদক (গাঁজা)-সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (শহর) শৈলেন্দ্র সিং।
তিনি জানান, অবৈধ মদ, আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি চুরি ও ছিনতাইপ্রবণ এলাকাগুলিতে নিয়মিত টহল ও অভিযান চালানো হচ্ছে। এই অভিযান চলাকালেই কাহালগাঁও থানায় গোপন সূত্রে খবর আসে, পিরপৈন্তির দিক থেকে একটি কালো রঙের মোটরসাইকেলে করে দু’জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য নিয়ে কাহালগাঁওয়ের দিকে আসছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি বিশেষ দল গঠন করা হয়। এরপর পিরপৈন্তির দিক থেকে আসা বিভিন্ন রাস্তায় যানবাহনে তল্লাশি শুরু করা হয়।
তল্লাশির সময় একটি কালো রঙের মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে এক পেট্রোল পাম্পের কাছে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃতরা নিজেদের নাম রান্ডু মণ্ডল ও রাজেশ জায়সওয়াল বলে জানায়। তল্লাশিতে তাদের কাছ থেকে মোট সাত কিলোগ্রাম মাদক (গাঁজা) উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃত দু’জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য