
কলকাতা, ১ মার্চ (হি. স.) : প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রয়াত সিপিআই (এম) নেতা বুদ্ধদেব ভট্টাচার্য-র ৮২-তম জন্মদিন উপলক্ষে রবিবার রাজ্য জুড়ে নানা কর্মসূচির আয়োজন করে কম্যুনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্ক্সবাদী)। উল্লেখ্য, কলকাতায় ৭৩ নম্বর আচার্য জগদীশচন্দ্র বসু রোডে বিকেল সাড়ে তিনটেয় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রমোদ দাশগুপ্ত ট্রাস্ট। সংশ্লিষ্ট ট্রাস্ট সূত্রে এদিন জানা গিয়েছে যে, তাঁর নামে একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
দলের দাবি, শিল্পায়ন ও আধুনিক শিক্ষানীতির মাধ্যমে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন বুদ্ধদেব দেখিয়েছিলেন, তা পরবর্তী সময়ে ব্যাহত হয়েছে। সেই প্রেক্ষিতেই বাংলায় বামপন্থার পুনরুত্থানের বার্তা তুলে ধরা হবে বিভিন্ন জেলার কর্মসূচিতে। সমাজের নানা ক্ষেত্রের প্রগতিশীল চিন্তাবিদদের এই উদ্যোগে যুক্ত করার আহ্বান জানানো হয়েছে।
কলকাতার অনুষ্ঠানে ‘বাংলার পুনরুত্থান এবং বিকল্পের ভাবনা’ - শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন যথাক্রমে - জহর সরকার, অধ্যাপক রতন খাসনবিশ, ডাঃ অরুণ সিং, অনিতা অগ্নিহোত্রী ও রঞ্জন প্রসাদ। সাংস্কৃতিক পর্বে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন - রাজশ্রী ভট্টাচার্য, অগ্নিভ বন্দ্যোপাধ্যায় ও জয়ন্তী সোরেন। আবৃত্তি পাঠ করেন ঊর্মিমালা বসু ও সুকুমার ঘোষ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সুদীপ্ত রায় ও রুবি গান্ধী।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত