
কলকাতা, ১ মার্চ (হি.স.): ডবল ইঞ্জিনের সরকারের রাজ্য উত্তর প্রদেশ, বিহার থেকে তিন হাজারের উপর পরীক্ষার্থী এই রাজ্যে গ্রুপ সি পরীক্ষা দিতে এসেছেন। গ্রুপ সি-র পরীক্ষার পরে নিজের এক্স হ্যান্ডেলে এমনটাই লিখলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
তিনি লেখেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি এবং অভিভাবকত্বে আজ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ‘সি’ পদে ১ম SLST (NTS), ২০২৫-এর লিখিত পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন করল। মোট ৮,০৯,৬১৯ জন আবেদনকারীর মধ্যে প্রায় ৮৪ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
এই বৃহৎ পরিসরের পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনে স্কুল সার্ভিস কমিশন, সকল জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনের সঙ্গে যুক্ত প্রত্যেক আধিকারিক ও কর্মচারীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।
এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য, ৪৮৯৩ জন ভিনরাজ্যের পরীক্ষার্থী—যাদের মধ্যে ডাবল ইঞ্জিন সরকারের উত্তর প্রদেশ ও বিহার থেকে প্রায় ৩০০০-এরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছেন। অপপ্রচার সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রতি দলমত নির্বিশেষে পরীক্ষার্থীদের অটুট আস্থার এটি এক জ্বলন্ত দৃষ্টান্ত।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ