
দক্ষিণ দিনাজপুর, ১ মার্চ (হি স)। রান্না করতে গিয়ে ঘটল বিপত্তি। আচমকা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে মর্মান্তিক মৃত্যু হলো মা ও ছেলের। মৃতদের নাম পুতুল মণ্ডল (৫৫) ও বিপ্লব মণ্ডল (৩৫)। রবিবার ঘটনাটি ঘটেছে বুনিয়াদপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। বংশীহারী থানার পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মা এবং ছেলেকে মৃত ঘোষণা করেন।
সূত্রের খবর, বিপ্লব মণ্ডল পেশায় রং মিস্ত্রী। তিনি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। বাড়িতে রয়েছেন বাবা বীরেন মণ্ডল ও মা পুতুল। বোনের বিয়ে হয়ে যাওয়ায় বাবা-মায়ের একমাত্র ভরসা ছিলেন বিপ্লব। ছুটির দিনে বাজার থেকে মাংস এনে নিজেই রান্না করতে যান বিপ্লব। গ্যাস জ্বালাতেই সিলিন্ডারে হঠাৎ আগুন লেগে যায়।
ছেলের চিৎকার শুনে ছুটে আসেন মা এবং বাবা। খবর জানাজানি হতেই ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয়দের তৎপরতায় আগুন নিভে গেলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও ছেলের। তবে সিলিন্ডারটি ফাটেনি।
ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, গ্যাস পাইপে ছিদ্র থাকার কারণে আগুন লেগে থাকতে পারে। তবে খতিয়ে দেখা হচ্ছে বাকি দিকগুলি। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত