
কলকাতা, ১ মার্চ (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে সংগঠন মজবুত করতে জোর দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। তার অঙ্গ হিসেবে হাওড়া সদর সাংগঠনিক জেলায় মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন পারমিতা ব্যানার্জি। তার পরেই রবিবার থেকে প্রবল উৎসাহের সঙ্গে তিনি কাজেও নেমে পড়েছেন। এর আগে হাওড়ায় দলের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য। এর পাশাপাশি দুর্গাবতী সিং, অনামিকা আইচ-সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। শুভেচ্ছা জানান বিজেপি নেতা সঞ্জয় সিং এবং হাওড়া পুরসভা-র প্রাক্তন কাউন্সিলর অনিতা সিং।
দলীয় সূত্রে দাবি করা হয়েছে, সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে মহিলা মোর্চাকে আরও সক্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই দায়িত্বই কাঁধে তুলে নিয়েছেন পারমিতা। তাঁর কথায়, - “আগামী দিনে বুথস্তরে মহিলা কর্মীদের সংগঠিত করে দলকে শক্তিশালী করাই প্রধান লক্ষ্য।” জেলা নেতৃত্বের আশা, নতুন দায়িত্বে তিনি সংগঠনের ভিত আরও মজবুত করবেন এবং নির্বাচনের আগে মহিলা মোর্চার কার্যক্রমে নতুন গতি আসবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত