
কলকাতা, ১ মার্চ (হি. স.) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে প্রকাশিত তালিকা ঘিরে সরব হয়েছেন বিধায়ক জাকির হোসেন। তাঁর নাম - ‘বিবেচনাধীন’ তালিকায় ওঠায় কেন্দ্রীয় সরকার ও ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রবিবার রঘুনাথগঞ্জে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকিরের অভিযোগ, সমস্ত নথি জমা দেওয়ার পরও ইচ্ছাকৃতভাবে তাঁর নাম ঝুলিয়ে রাখা হয়েছে।
উল্লেখ্য, শনিবার প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা| রাজ্যের বহু ভোটারের নাম বাদ পড়েছে, এছাড়াও বিবেচনাধীন আরও বহু নাম| এসআইআর প্রক্রিয়া শেষে এই বিপুল নাম বাদ ও বিবেচনাধীন তালিকায় ঘিরে সাধারণ ভোটারদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। বহু নাম ‘বিচারাধীন’ বা ‘অমীমাংসিত’ হিসেবে চিহ্নিত হওয়ায় রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। তৃণমূলের দাবি, সামান্য তথ্যগত ভুল বা উচ্চারণগত বিভ্রান্তিকে কেন্দ্র করে প্রকৃত ভোটারদের হয়রানি করা হচ্ছে। কমিশনের তরফে অবশ্য জানানো হয়েছে, নির্দিষ্ট শুনানি প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত