
আগরতলা, ১ মার্চ (হি.স.) : রাজ্যভিত্তিক সম্মেলনকে সামনে রেখে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করল ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি। রাজধানীর আম্বেদকর ভবনে সংগঠনের রাজ্য দফতরে এই শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির রাজ্য সাধারণ সম্পাদক সুধন দাস, সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে, বিধায়ক নারায়ণ সরকার, বিধায়ক সুদীপ সরকার সহ অন্যান্যরা।
রক্তদান শিবির প্রসঙ্গে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সুধন দাস বলেন, রক্তদানে ধর্ম ও বর্ণের কোনও বিভাজন নেই। ধর্ম কিংবা বর্ণের ভিত্তিতে রক্তের আলাদা কোনও পরিচয় হয় না। রক্তদানের মাধ্যমে মানবিকতা ও সাম্যের বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব। মানুষের সঙ্গে মানুষের ঐক্য স্থাপনে রক্তদানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির পশ্চিম জেলা কমিটির উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সম্মেলনকে সফল করার লক্ষ্যে আগামী দিনেও বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ