বাঘন গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস সদস্য-সহ ১৩ জনের বিজেপিতে যোগদান
কদমতলা (ত্রিপুরা), ১ মার্চ (হি.স.) : উত্তর জেলার কদমতলা–কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাঘন গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক সমীকরণে নতুন পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। রবিবার কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য শাহাবুদ্দিন-সহ মোট ১৩ জন ভোটার আনুষ্ঠানিক
বিজেপিতে যোগদান সভা


কদমতলা (ত্রিপুরা), ১ মার্চ (হি.স.) : উত্তর জেলার কদমতলা–কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাঘন গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক সমীকরণে নতুন পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। রবিবার কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য শাহাবুদ্দিন-সহ মোট ১৩ জন ভোটার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগদান করেন। এর ফলে এলাকায় শাসক দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বাঘন গ্রাম পঞ্চায়েত বামফ্রন্টের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের পর পঞ্চায়েতটি কংগ্রেসের দখলে গেলেও সাম্প্রতিক ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে পুনরায় বিজেপি ক্ষমতা দখল করে। এবার বিরোধী শিবিরের নির্বাচিত সদস্যদের একাংশকে দলে অন্তর্ভুক্ত করায় রাজনৈতিকভাবে আরও এগিয়ে গেল শাসক শিবির।

রবিবার দুপুরে বাঘন গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাবুদ্দিনের বাসভবনে আয়োজিত এক যোগদান সভায় তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন-সহ মোট ১৩ জন বিজেপিতে যোগ দেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। উপস্থিত নেতৃত্বরা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান।

যোগদান সভায় উপস্থিত ছিলেন কদমতলা–কুর্তি মণ্ডলের বিজেপি সভাপতি বিমল পুরকায়স্থ, পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত দেব, বিজেপি নেতা আজমল হোসেন, শ্যামল দেব-সহ অন্যান্য দলীয় কর্মী ও সমর্থকরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থ বলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই বিরোধী দল ছেড়ে বহু মানুষ বিজেপিতে যোগদান করছেন। তাঁর দাবি, আগামী দিনে বাঘন গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ বিরোধীশূন্য হয়ে যাবে।

এই যোগদানকে কেন্দ্র করে বাঘন গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande