উদয়পুরে এক রাতে তিন বাড়িতে চুরি, আতঙ্কে বাসিন্দারা
উদয়পুর (ত্রিপুরা), ১ মার্চ (হি.স.) : এক রাতেই পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনায় গোমতী জেলার উদয়পুর শহরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার গভীর রাতে সংঘটিত এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, পরিকল্পিতভ
দুঃসাহসিক চুরি


উদয়পুর (ত্রিপুরা), ১ মার্চ (হি.স.) : এক রাতেই পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনায় গোমতী জেলার উদয়পুর শহরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার গভীর রাতে সংঘটিত এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিকল্পিতভাবে চোরের দল এলাকার তিনটি বাড়িকে টার্গেট করে। এর মধ্যে সমর ধর নামে এক বাসিন্দার বাড়িতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি প্রায় আট দিন ধরে আগরতলায় মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুষ্কৃতীরা ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। সেখান থেকে নগদ প্রায় ২৫ হাজার টাকা এবং প্রায় দুই ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ।

অন্যদিকে, চিনু বালা দাসের বাড়িতেও চোরেরা হানা দেয়। তবে ঘরে মূল্যবান কিছু না পেয়ে আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী এলোমেলো করে রেখে যায়। এছাড়াও পারমিতা গুহর বাড়িতে চুরির ঘটনা ঘটে। তিনি বাড়িতে না থাকার সুযোগে চোরেরা ঢুকে বেশ কিছু ব্যাটারি চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে।

রবিবার সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে খবর দেন। পরে খবর দেওয়া হয় আর কে পুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। এলাকায় কোনও সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

একই রাতে পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, এলাকায় নিয়মিত পুলিশ টহল ও রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande