
খোয়াই (ত্রিপুরা), ১ মার্চ (হি.স.) : খোয়াই জেলার লালটিলা এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত জমির মালিক তুলসী দাস দাবি করেন যে তিনি ১৯৯৭ সালে লালটিলা এলাকায় একটি জমি ক্রয় করেন। সে সময় পঞ্চায়েত এলাকায় জমির রেজিস্ট্রি প্রথা কার্যকর না থাকায় মৌখিক চুক্তি এবং একাধিক সাক্ষীর উপস্থিতিতে তিনি পরিচয় দাসের কাছ থেকে জমিটি কেনেন বলে জানান। তাঁর অভিযোগ, পরিচয় দাসের মায়ের হাতে সাক্ষীদের সামনে নগদ অর্থ প্রদান করা হয়েছিল। পঞ্চায়েত এলাকায় সে সময় মৌখিক প্রতিশ্রুতি ও লেনদেনের ভিত্তিতেই জমি ক্রয়-বিক্রয় প্রচলিত ছিল বলেও তিনি উল্লেখ করেন।
অভিযোগ, দীর্ঘদিন পর গ্রামে ফিরে এসে পরিচয় দাস, চানমোহন দাস ও নয়ন দাস ওই জমির মালিকানা দাবি করেন এবং তুলসী দাস ও তাঁর পরিবারকে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এতে আপত্তি জানালে অভিযুক্তরা তুলসী দাস, তাঁর স্ত্রী কাজল দাস ও পুত্র রাজু দাসকে মারধর করেন বলে অভিযোগ। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান।
উল্লেখ্য, পরিচয় দাসের বাড়ি পূর্ব রামচন্দ্রঘাট এলাকার বাতাপুরা গ্রামে বলে জানা গেছে। তুলসী দাসের দাবি, পরিচয় দাসের নেতৃত্বেই হামলার ঘটনা ঘটেছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্ত পরিবারের সদস্যরা। তবে এই ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ