
দক্ষিণ ২৪ পরগনা, ১২ মার্চ (হি. স.):- দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঠাকুরাণীবেড়িয়া এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম ঝন্টু মন্ডল (৩৫)। বৃহস্পতিবার ভোরে বাড়ির অদূরে একটি গাছে গামছার ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ ঝুলতে দেখা যায়।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় বারো বছর আগে পিঙ্কি মন্ডলের সঙ্গে ঝন্টু মন্ডলের বিয়ে হয়েছিল। দম্পতির দুই সন্তান রয়েছে। ঝন্টুর স্ত্রী পিঙ্কি কলকাতায় পরিচারিকার কাজ করতেন। বুধবার সন্ধ্যার পর থেকেই ঝন্টু নিখোঁজ ছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়। বৃহস্পতিবার ভোরবেলায় এলাকাবাসীরা বাড়ির কাছেই একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়িতে জানানো হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা ঝন্টু মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে।ঘটনা প্রসঙ্গে প্রতিবেশী রবীন নস্কর জানান, ঝন্টু মন্ডল দীর্ঘদিন ধরে অতিরিক্ত মদ্যপান করতেন এবং মানসিক অবসাদেও ভুগছিলেন বলে জানা যায়। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়