
হাফলং (অসম), ১৫ মাৰ্চ (হি.স.) : হাফলঙের দীর্ঘদিনের পানীয় জলের স্থায়ী সমাধানের লক্ষ্যে অটল মিশন ফর রিজুভেন্যাশন অ্যান্ড আরবান ট্রান্সফর্মেশন (অমৃত) ২.০-এর অধীন শহরের ওয়াটার সাপ্লাই প্রকল্পের ভূমি পূজন আজ বুধবার লালফিল্ডে অনুষ্ঠিত হয়েছে।
অসম সরকারের হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স বিভাগ কর্তৃক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রকল্প হাফলং শহরের বাসিন্দাদের জন্য পানীয় জল সরবরাহ পরিকাঠামো শক্তিশালীকরণ এবং নিরাপদ পানীয় জল নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠানে দনপাইনন থাওসেন হাফলং শহরের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার বিষয়টি তুলে ধরে আশা ব্যক্ত করে বলেন, নতুন জল সরবরাহ প্রকল্পটি হাফলং শহরে জল সংকটের স্থায়ী সমাধান প্রদান করবে।
অমৃত প্রকল্পের মিশন ডিরেক্টর সম্প্রীতি গোস্বামী বলেন, প্রকল্পটির জন্য ১০০ কোটি টাকা ব্যয় করা হবে। এই প্রকল্পের অধীনে প্রতিদিন ৭০ লক্ষ লিটার জল মজুত রাখার জন্য ট্রিটম্যান্ট প্ল্যান্ট নির্মাণ করা হবে যা হাফলং শহরের জল সরবরাহ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।
অমৃত ২.০ প্রকল্পের অধীনে হাফলং শহরের ১৩টি ওয়ার্ডে ১০ হাজার ৮৬ গৃহে জলের সংযোগ দেওয়া হবে। এই প্রকল্পটি ২৪×৭ নিরাপদ পানীয় জলের অ্যাক্সেস নিশ্চিত করবে। তিনি বলেন, জলের উৎস ভূপৃষ্ঠ থেকে নেওয়া হবে, যা ৭.০ এমএলডি ক্ষমতার একটি জল শোধনাগার নির্মাণ করা হবে।
হাফলং শহরে পানীয় জল সরবরাহ নিশ্চিত করার জন্য ৭০.২৫ কিলোমিটার পাইপলাইন নেটওয়ার্ক স্থাপন করা হবে জানিয়ে সম্প্রীতি গোস্বামী বলেন, এই প্রকল্পের কাজ আগামী দু-বছরের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, অমৃত প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে ওঠার পর হাফলং শহরে দীর্ঘদিনের যে পানীয় জলের সমস্যা রয়েছে তা অনেকটাই সমাধান করতে সক্ষম হবে।
এদিকে ভূমি পূজন অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু প্রতিকূল আবহওয়ার দরুন তিনি উপস্থিত হতে পারেননি। অমৃত প্রকল্পের ভূমি পূজনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য প্রবিতা জহরি, পরিষদ সদস্য প্রনাথ রাজিউং, অজয় চক্রবর্তী, পার্বত্য পরিষদের প্রধানসচিব পার্থসারথি জহরি, যুগ্মসচিব রেবেকা চাংসন, হাফলং পুরপর্ষদের চেয়ারম্যান রিপা হোজাই প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব