এনএফ রেলের অধীন সেবক-রংপো রেল প্রজেক্টের টানেল ৮-এর সফল খনন
গুয়াহাটি, ১৫ মাৰ্চ (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সেবক-রংপো রেল প্রজেক্টের ৮ নম্বর টানেলের সফল খনন সম্পন্ন করার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। যুগান্তকারী সাফল্যটি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এবং ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড যৌথভা
সেবক-রংপো রেল প্রজেক্টের টানেল ৮


গুয়াহাটি, ১৫ মাৰ্চ (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সেবক-রংপো রেল প্রজেক্টের ৮ নম্বর টানেলের সফল খনন সম্পন্ন করার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। যুগান্তকারী সাফল্যটি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এবং ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড যৌথভাবে অর্জন করেছে, যা উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই রেল সংযোগ প্রকল্পে এক উল্লেখযোগ্য অগ্রগতির সূচনা করেছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ রবিবার এক প্রেস বিবৃতিতে এ খবর দিয়ে জানান, ৮ নম্বর টানেলটি এই প্রজেক্টের অন্যতম প্রধান টানেল। এর মোট দৈর্ঘ্য ৪.১৪৮ কিমি এবং একটি অতিরিক্ত অ্যাডিটের দৈর্ঘ্য ১.০১০ কিমি। টানেলটির খননকার্য অত্যন্ত চ্যালেঞ্জিং ভূতাত্ত্বিক পরিস্থিতির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছিল। অত্যন্ত দুর্বল, ক্ষয়প্রাপ্ত ও ফাটলযুক্ত শিলাস্তর ছিল টানেলে। পাহাড়ি ভূখণ্ডের অনিশ্চয়তা এবং নিকটবর্তী ন্যশনাল হাইওয়ে-১০ করিডোরের সাথে সম্পর্কিত সংবেদনশীলতার দরুনও এই কাজটি অতিরিক্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল।

৮ নম্বর টানেলে খননকার্য সফলভাবে সম্পন্ন হওয়ার সাথে সেবক-রংপো রেলওয়ে প্রজেক্টের মোট ১৪টি টানেলের মধ্যে ১৩টিতেই এখন টানেল খননকার্য শেষ হয়েছে।

এই সাফল্য প্রজেক্টের সামগ্রিক অগ্রগতির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রজেক্টের অন্যান্য প্রধান অংশেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মোট ৩২.৪ কিলোমিটার দৈর্ঘ্যের টানেল লাইনিংয়ের কাজ ১২টি টানেলে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এছাড়া, টানেলের অভ্যন্তরে ২১ কিলোমিটার জুড়ে ব্যালাস্টবিহীন রেললাইন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে, যা প্রজেক্টটিকে পরিচালনগত প্রস্তুতির দিকে আরও এগিয়ে দিয়েছে।

সেবক-রংপো নতুন রেল সংযোগ প্রজেক্টটি উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ প্রকল্প। এই প্রজেক্টের লক্ষ্য হলো সিকিম রাজ্যকে জাতীয় রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা এবং এটি ভারতীয় রেলওয়ের ‘ক্যাপিটাল কানেক্টিভিটি’ প্রকল্পের বৃহত্তর পদক্ষেপের একটি অংশ।

প্রজেক্টটির মোট দৈর্ঘ্য ৪৪.৯৬ কিমি, যার মধ্যে ৪১.৫৫ কিমি পশ্চিমবঙ্গে এবং ৩.৪১ কিমি সিকিমে অবস্থিত। এই রুটের প্রায় ৩৮.৬২৩ কিমি (প্রায়৮৬ শতাংশ) টানেলের মধ্য দিয়ে, ২.২৪ কিমি ব্রিজের ওপর দিয়ে এবং ৪.৭৯ কিমি উন্মুক্ত কাটিং ও স্টেশন ইয়ার্ড নিয়ে বিস্তৃত। নির্মাণ কাজে ১৪টি টানেল অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে দীর্ঘতম টানেলের দৈর্ঘ্য প্রায় ৫.৩০ কিলোমিটার এবং ক্ষুদ্রতম টানেলের দৈর্ঘ্য প্রায় ৫৩৮ মিটার। এই প্রজেক্টে ১৩টি মেজর ব্রিজ এবং ১০টি মাইনর ব্রিজও অন্তর্ভুক্ত রয়েছে। এই নতুন রেলপথে পাঁচটি স্টেশন থাকবে – যা সেবক, রিয়াং, মেলি, রংপো এবং তিস্তাবাজারে একটি ভূগর্ভস্থ হল্ট স্টেশন, যা এই প্রজেক্টের অনন্য পরিকাঠামোগত বৈশিষ্ট্যগুলোর অন্যতম হবে। প্রজেক্টটি সম্পন্ন হওয়ার পর সিকিমকে সংযুক্ত করবে। যা পরিবহণ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে, নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করবে এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।

সিভিল কাজ, রেললাইন স্থাপন এবং রেল বৈদ্যুতিকরণ, সকল ক্ষেত্রে নির্মাণকার্য ধারাবাহিকভাবে এগিয়ে চলছে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে বাকি কাজ সম্পন্ন করে ২০২৭-এর ডিসেম্বরের মধ্যে সেবক-রংপো রেলওয়ে প্রজেক্ট চালু করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে, যা সিকিমের রেল সংযোগ ব্যবস্থাকে ব্যাপকভাবে উন্নত করবে এবং আঞ্চলিক উন্নয়ন ও যাতায়াত ব্যবস্থাকে মজবুত করবে, প্রেস বিবৃতিতে বলেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande