
শ্ৰীভূমি (অসম), ১৫ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সাংবাদিক সম্মেলন ডেকে এ কথা জানিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদী।
আজ রবিবার সন্ধ্যায় জেলাশাসকের কনফারেন্স হল-এ আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদীপকুমার দ্বিবেদী জানান, জাতীয় নির্বাচন কমিশন অসম বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সাথে সাথে সমগ্র শ্রীভূমি জেলাও নির্বাচনের আদর্শ আচরণবিধি বা মডেল কোড অব কন্ডাক্ট জারি হয়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে শ্রীভূমির জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে জেলার সমস্ত কার্যালয় এবং এর প্রধানদের এই আদর্শ আচরণবিধি কঠোরভাবে মানতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, নিয়ম অনুযায়ী সরকারি ও জনসাধারণের সম্পত্তিতে রাজনৈতিক প্রচারের যাবতীয় চিহ্ন দ্রুত অপসারণ করতে হবে। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী সরকারি ভবন, অফিস প্রাঙ্গণ বা সরকারি সম্পত্তিতে বিদ্যমান সব ধরনের পোস্টার, ব্যানার, ফ্লেক্স, দেওয়াল লিখন ইত্যাদি নির্বাচন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। জনসাধারণের সম্পত্তি যেমন রাস্তা, বিদ্যুতের খুঁটি, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, সরকারি যানবাহন ইত্যাদি থেকে এ ধরনের প্রচারণা ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। এছাড়া ব্যক্তিগত সম্পত্তিতে লাগানো রাজনৈতিক প্রচারণা আইন অনুযায়ী ৭২ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কোনও রাজনৈতিক দল বা প্রার্থী সরকারি গাড়ি ব্যবহার করতে পারবে না বলেও স্পষ্ট করে জানান জেলাশাসক। বলেন, নির্বাচন ঘোষণার পর সরকারি সম্পত্তি থেকে কতগুলি পোস্টার, ব্যানার বা দেওয়াল লিখন অপসারণ করা হয়েছে, তার বিস্তারিত তথ্য নির্ধারিত ফরম্যাটে ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন ব্যয় পর্যবেক্ষণ শাখায় জমা দিতে হবে।
সতর্ক করে তিনি বলেন, এই নির্দেশ পালনে কোনও ধরনের গাফিলতি ধরা পড়লে তা গুরুতরভাবে বিবেচনা করা হবে এবং নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠিয়ে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বিধানসভা নির্বাচনকে ঘিরে নিরপেক্ষ ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখার উদ্যোগ আরও জোরদার করা হয়েছে বলে জানান জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক প্রদীপকুমার দ্বিবেদী।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস