
কলকাতা, ১২ মার্চ, (হি.স.): “রাজ্যের মুখ্যমন্ত্রী সাম্প্রতিক সময়ে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং ব্যক্তিত্বদের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করছেন, যা গণতান্ত্রিক সংস্কৃতির পক্ষে উদ্বেগজনক।” বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন বিজেপি-র পশ্চিমবঙ্গের সহ-সভাপতি ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।
দেবশ্রী চৌধুরী সল্ট লেকে সাংবাদিক সম্মেলনে বলেন, “বিশেষ করে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি যে ধরনের মন্তব্য করা হয়েছে, তা রাজ্যের মানুষের অনুভূতিকে আঘাত করেছে। এই ঘটনায় পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজসহ সাধারণ মানুষের মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে।
দেবশ্রী চৌধুরী বলেন, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রশাসনিক সংস্থাগুলির কাজের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির কার্যক্রমেও রাজ্য সরকারের তরফে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন যে অতীতের বিভিন্ন নির্বাচনে রাজনৈতিক হিংসা এবং সন্ত্রাসের অভিযোগ উঠেছে এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে আগামী নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করা নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত