
ঝাড়গ্রাম, ১২ মার্চ (হি.স.): ঝাড়গ্রামে ঘরোয়া রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডারের সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানালেন ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর। বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে তিনি জানান, একটি ঘরোয়া গ্যাস সিলিন্ডার বুকিং করার পর স্বাভাবিক নিয়মেই তা গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনও ধরনের বিঘ্ন ঘটেনি।
জেলাশাসক আরও জানান, জেলাজুড়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের সরবরাহ অবিচ্ছিন্ন ও স্বাভাবিক রয়েছে। তাই গ্যাসের অভাব নিয়ে সাধারণ মানুষের অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। পরিস্থিতির ওপর জেলা প্রশাসন নিয়মিত নজর রাখছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই বিষয়ে মানুষের সুবিধার্থে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমও চালু করা হয়েছে। গ্যাস সরবরাহ সংক্রান্ত কোনও সমস্যা বা তথ্যের প্রয়োজন হলে সাধারণ মানুষ এই কন্ট্রোল রুমের ০৩২২১-২৫৮২২৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো