
ফালাকাটা, ১২ মার্চ (হি.স.): অনিয়মের অভিযোগ তুলে বৃহস্পতিবার রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। ফালাকাটা-আলিপুরদুয়ার সড়কের মেজবিল বাসস্ট্যান্ড থেকে যোগেন্দ্রনগর হয়ে শালকুমারহাটের ভান্ডানি বাজার পর্যন্ত বিস্তৃত প্রায় সাড়ে ছয় কিলোমিটারের এই রাস্তাটি কয়েক বছর আগে ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’য় তৈরি হয়েছিল। দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে থাকার পর সম্প্রতি জেলা পরিষদের উদ্যোগে শুরু হয় সংস্কারের কাজ। বুধবার মেজবিল এলাকায় পিচ ঢালাই করা হয়। অভিযোগ, বৃহস্পতিবার সকালে দেখা যায় নতুন রাস্তার আস্তরণ উঠে আসছে। গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে এক দিনেই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, বর্ষাকালে রাস্তা ফের আগের কঙ্কালসার অবস্থায় ফিরে যাবে। এ দিন সকালে ক্ষুব্ধ বাসিন্দারা বিক্ষোভ দেখান এবং কাজ বন্ধ করে দেন। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জেলা পরিষদ সূত্রে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ