
কলকাতা, ১২ মার্চ, (হি.স.): শুক্রবার যদি সরকারি কোনও কর্মী অনুমতি ছাড়াই ছুটি নেন, তবে তাঁকে কারণ দর্শানোর নোটিস পাঠাতে হবে। ওইদিন খোলা থাকবে রাজ্য সরকারের প্রত্যেকটি দফতর। কোনও কর্মী অনুপস্থিত থাকলে বেতন কাটা যাবে। বৃহস্পতিবার প্রশাসন এ কথা জানিয়েছে।
বকেয়া ডিএ-র ২৫ শতাংশ টাকা এখনও পাননি রাজ্য সরকারি কর্মীরা। তার প্রতিবাদে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। অন্যদিকে, প্রশাসনের তরফে সাফ জানানো হয়েছে, ধর্মঘটের দিন প্রত্যেক সরকারি কর্মীর উপস্থিতি বাধ্যতামূলক। ওইদিন কোনও কর্মীকে সাধারণ ছুটি দেওয়া হবে না।
নবান্নের তরফে জানানো হয়েছে, যিনি অনুপস্থিত থাকবেন তাঁকে ‘ডাইস নন’ হিসাবে গণ্য করা হবে। ‘ডাইস নন’-এর অর্থ ওই দিনের বেতন কাটা যাওয়া। সেক্ষেত্রে অবশ্য বেশ কিছু ব্যতিক্রম রয়েছে। কোনও কর্মীর গুরুতর অসুস্থতার ক্ষেত্রে, নিজে হাসপাতালে চিকিৎসাধীন কিংবা পরিবারের কেউ গুরুতর অসুস্থ, পরিবারে কারও মৃত্যু হলে, মাতৃত্বকালীন ছুটি বা আগে থেকে নেওয়া ছুটির ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত