
কলকাতা, ১২ মার্চ (হি.স.): আগামী বিধানসভা নির্বাচনের জন্য একাধিক নতুন নিয়ম ও ব্যবস্থা চালু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কলকাতার শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া ভবনের নবম তলে আয়োজিত সাংবাদিকদের এক প্রশিক্ষণ শিবিরে এই তথ্য জানানো হয়েছে।
এদিনের শিবিরে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী, উপ-মুখ্য নির্বাচনী আধিকারিক সুমন্ত রায় এবং সুব্রত পাল উপস্থিত ছিলেন। কমিশনের আধিকারিকরা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে আসন্ন নির্বাচনের নতুন নিয়মগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন।
কমিশনের নতুন পদক্ষেপসমূহ:
১. অক্সিলারি বুথের সংখ্যা বৃদ্ধি: ভোটারদের সুবিধার্থে এবং ভিড় এড়াতে অক্সিলারি বুথের সংখ্যা বাড়ানো হচ্ছে।
২. মোবাইল ফোন জমা রাখার ব্যবস্থা: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের যে সমস্যা আগে ছিল, তা দূর করতে বিশেষ বুথ গড়া হবে। সেখানে কুপন ব্যবস্থার মাধ্যমে নিরাপদে মোবাইল জমা রাখা যাবে।
৩. বুথের দূরত্ব হ্রাস: ভোটকেন্দ্রের কাছাকাছি প্রার্থীদের ক্যাম্প বা বুথের দূরত্ব কমানো হচ্ছে। আগে এই দূরত্ব ২০০ মিটার থাকলেও, এবার তা কমিয়ে ১০০ মিটার করা হচ্ছে। অর্থাৎ 'নো-ক্যানভাসিং জোন'-এর পরিধি এখন ১০০ মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
এদিনের অনুষ্ঠানে আধিকারিকরা জানান, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমের ভূমিকা নির্বাচন কমিশনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য দ্রুততার সঙ্গে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সংবাদমাধ্যমের সক্রিয় সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তাঁরা পুনরায় ব্যক্ত করেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত