
গাজোল, ১২ মার্চ (হি. স.) : মালদার দেওতলা এলাকায় রেললাইনের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বৃহস্পতিবার সকালে ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়। এর জেরে বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করতে পারেনি এবং দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। ফলে সকাল থেকেই চরম দুর্ভোগে পড়েন বহু যাত্রী।রেল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে ছটা নাগাদ দেওতলা এলাকার কাছে ওভারহেড বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এর ফলে ওই লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। সকাল ৬টা ৫৫ মিনিটে বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল তেভাগা এক্সপ্রেসের, কিন্তু নির্ধারিত সময়ে ট্রেনটি গন্তব্যে পৌঁছাতে পারেনি।অন্যদিকে শিয়ালদহ–বালুরঘাট এক্সপ্রেসও গাজোল স্টেশনে দাঁড়িয়ে পড়ে। প্রায় দু’ঘণ্টা ধরে ট্রেনটি সেখানে আটকে থাকায় যাত্রীদের চরম হয়রানির শিকার হতে হয়। অনেক যাত্রী কাজে যাওয়ার তাড়া থাকায় উদ্বেগ প্রকাশ করেন।খবর পেয়ে রেলওয়ের প্রযুক্তিগত কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর বিদ্যুতের তার মেরামত করা সম্ভব হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ট্রেন চলাচল পুনরায় শুরু হয় বলে রেল সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়