
সুন্দরবন, ১২ মার্চ (হি. স.) : সুন্দরবন ভ্রমণে এসে শাবকসহ একটি রয়্যাল বেঙ্গল টাইগারের নদী সাঁতরে পার হওয়ার বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করলেন একদল পর্যটক। সেই দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ব্যাপক সাড়া ফেলেছে।বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে একদল পর্যটক গত ৭ মার্চ জলযানে চেপে সুন্দরবন ভ্রমণে যান। জঙ্গলের বিভিন্ন খাঁড়ি ও নদীপথে ঘোরার সময় দোবাঁকি এলাকার জঙ্গল সংলগ্ন নদীখাঁড়িতে একটি বাঘকে তার শাবক নিয়ে সাঁতরে নদী পার হতে দেখা যায়। এমন বিরল দৃশ্য সামনে দেখে পর্যটকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই দ্রুত মোবাইলে সেই মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।অন্যদিকে পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, এসআইআর সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়ার প্রভাবে সুন্দরবনের পর্যটন ব্যবসায় বড়সড় প্রভাব পড়েছে। অনেক পর্যটক বুকিং বাতিল করায় সমস্যায় পড়েছেন বোট মালিক ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সুন্দরবনের বিভিন্ন নদীখাঁড়িতে পর্যটকদের ঘুরিয়ে দেখানোর সঙ্গে যুক্ত বহু বোট মালিকও ক্ষতির মুখে পড়েছেন।বোট মালিক শরিয়ত মন্ডল জানান, বছরের শুরুতে পর্যটকের সংখ্যা ভালো থাকলেও এসআইআর চালুর পর থেকে একের পর এক বুকিং বাতিল হচ্ছে, ফলে ব্যবসায় বড় ধাক্কা ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়