
নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর উপর গুলি চালানোর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন কংগ্রেস নেতা শচীন পাইলট। বৃহস্পতিবার তিনি বলেন, বিয়ের অনুষ্ঠানে নির্মম হত্যার চেষ্টার থেকে বেঁচে গিয়েছেন ফারুক আবদুল্লাহ। নিরাপদে আছেন তিনি। নিরাপত্তার এমন ত্রুটি কী ভাবে হল, তার পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন বলে দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যারাতে জম্মুতে একটি বিয়েবাড়িতে ফারুককে একেবারে সামনে থেকে গুলি করে খুনের চেষ্টা করে কমল সিং নামে এক ব্যক্তি। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যান ফারুক। সঙ্গে সঙ্গেই ধরা পড়ে অভিযুক্ত। নিরাপত্তাকর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচেন ফারুক। উপস্থিত নিরাপত্তাকর্মীরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে এবং তাঁর থেকে বন্দুকটিও নিয়ে নেওয়া হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। গতরাতের ওই ঘটনার প্রেক্ষিতে ফারুক আবদুল্লাহর জম্মুর বাড়িতে নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ