সোনামুড়ায় পুলিশের টহলদারিতে ৩৬ কেজি গাঁজা উদ্ধার
বক্সনগর (ত্রিপুরা), ১২ মার্চ (হি.স.) : সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার সীমান্তবর্তী বাতাদোলা এলাকায় পুলিশের নিয়মিত টহলদারির সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ভোরে বাতাদোলা–ইউএনসি নগর সীমান্ত সড়কে পেট্রোলিং ডিউটি চলাকালী
গাঁজা উদ্ধার সোনামুড়ায়


বক্সনগর (ত্রিপুরা), ১২ মার্চ (হি.স.) : সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার সীমান্তবর্তী বাতাদোলা এলাকায় পুলিশের নিয়মিত টহলদারির সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ভোরে বাতাদোলা–ইউএনসি নগর সীমান্ত সড়কে পেট্রোলিং ডিউটি চলাকালীন একটি পরিত্যক্ত বস্তা থেকে ৩৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধ করতে নিয়মিত টহলদারি চালানো হচ্ছে। সেই সময় রাস্তার পাশে সন্দেহজনকভাবে ফেলে রাখা একটি বস্তা নজরে আসে কর্তব্যরত পুলিশ কর্মীদের। পরে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে প্যাকেটবন্দি অবস্থায় বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

সমস্ত আইনি প্রক্রিয়া মেনে উদ্ধার হওয়া গাঁজাগুলি অজ্ঞাত মালিকানার হিসেবে বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য প্রায় ৫ লক্ষ ৪০ হাজার টাকা বলে অনুমান করছে পুলিশ।

এই মাদক কারবারের সঙ্গে কারা জড়িত এবং কোথা থেকে গাঁজাগুলি আনা হচ্ছিল বা কোথায় পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রুখতে পুলিশের নজরদারি আরও জোরদার করা হবে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

এদিকে সীমান্ত এলাকায় পুলিশের এই সাফল্যে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, সীমান্তবর্তী এলাকায় মাঝে মাঝেই মাদক পাচারের চেষ্টা হয়। তাই পুলিশের নিয়মিত নজরদারি ও টহলদারি বাড়ানো অত্যন্ত জরুরি। পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় পাচারচক্রের একটি বড়সড় পরিকল্পনা ভেস্তে গেছে বলেই মনে করছেন এলাকাবাসী।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande