
বিলোনিয়া (ত্রিপুরা), ১২ মার্চ (হি.স.) : বর্তমান ত্রিপুরা সরকার দিব্যাঙ্গজন ও কন্যা সন্তানদের উন্নয়ন এবং তাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায়। বৃহস্পতিবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লক প্রাঙ্গণে আয়োজিত রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের আওতাধীন সুবিধাভোগীদের এক সমাবেশে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী ৯২৫ জন সুবিধাভোগীর হাতে মোট ৫ হাজার ৫১টি সামগ্রী তুলে দেন। এর মধ্যে দিব্যাঙ্গজনদের চলন সামগ্রী, গ্রামীণ লোকশিল্পীদের বাদ্যযন্ত্র, খেলোয়াড়দের খেলাধুলার সরঞ্জাম, সামাজিক সহায়তা প্রাপ্তদের আর্থিক অনুদান, জনজাতি সম্প্রদায়ের মধ্যে সুতা এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের জন্য ১০৬টি পানীয়জলের ট্যাঙ্ক প্রদান করা হয়। এছাড়াও পোল্ট্রি, শূকর ও ছাগল পালনের মতো বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। বিভিন্ন প্রকল্পে মোট ১ কোটি ১ লক্ষ ৬৭ হাজার ৪৭০ টাকার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, দিব্যাঙ্গজনরা যাতে সহজেই দিব্যাঙ্গ সার্টিফিকেট পেতে পারেন সেজন্য রাজ্যের ৮টি জেলাতেই ডি.ডি.আর.সি. খোলা হয়েছে। এবছর সরকার মানসিক দিব্যাঙ্গদের জন্য মাসিক ৫ হাজার টাকা ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিমধ্যে প্রায় ৩ হাজার দিব্যাঙ্গ এই সহায়তা পাচ্ছেন। তিনি বাল্যবিবাহ রোধে সকলকে একযোগে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, রাজ্যে খেলাধুলার উন্নয়নে ক্রীড়া পরিকাঠামো উন্নত করা হচ্ছে। ইতিমধ্যে রাজ্যে ১২টি সিন্থেটিক ফুটবল মাঠ, ২টি অ্যাথলেটিক্স ট্র্যাক, একটি হকি মাঠ এবং একটি আন্তর্জাতিক মানের সুইমিং পুল নির্মাণ করা হয়েছে। পাশাপাশি গ্রামীণ এলাকাতেও ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সদস্য দীপায়ন চৌধুরী এবং দক্ষিণ ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক মহম্মদ হাফিজ উদ্দিন, ঋষ্যমুখ ব্লকের বিডিও নরুজ্জামান ইসলাম প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ