পাওয়ারটিলারকে রাইস মিলে রূপ দিয়ে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করলেন বক্সনগরের কৃষক সুধীর দাস
বক্সনগর (ত্রিপুরা), ১২ মার্চ (হি.স.) : পরিশ্রম, বুদ্ধি এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার করলে কৃষিক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার খুলে যায়—এমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন সিপাহীজলা জেলার বক্সনগর বিধানসভা কেন্দ্রের উত্তর কলমচৌড়া বাগানবাড়ি এলাকার
কৃষক সুধীর দাস


বক্সনগর (ত্রিপুরা), ১২ মার্চ (হি.স.) : পরিশ্রম, বুদ্ধি এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার করলে কৃষিক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার খুলে যায়—এমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন সিপাহীজলা জেলার বক্সনগর বিধানসভা কেন্দ্রের উত্তর কলমচৌড়া বাগানবাড়ি এলাকার কৃষক সুধীর দাস। নিজের উদ্যোগ ও পরিশ্রমের মাধ্যমে তিনি শুধু নিজের পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তনই আনেননি, পাশাপাশি এলাকার অন্যান্য কৃষকদের কাছেও অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছেন।

কৃষি দফতরের সহায়তায় পাওয়া একটি পাওয়ারটিলারই তাঁর জীবনে নতুন সম্ভাবনার পথ খুলে দেয়। প্রথমদিকে তিনি এই যন্ত্রের সাহায্যে নিজের জমিতে চাষাবাদ করতেন। পরে ধীরে ধীরে এলাকার অন্যান্য কৃষকদের জমিতেও হাল চাষের কাজ শুরু করেন। ফলে স্থানীয় কৃষকরা কম খরচে জমি চাষের সুবিধা পাচ্ছেন এবং সুধীর দাসের জন্যও তৈরি হয়েছে বাড়তি আয়ের সুযোগ।

এরপর আধুনিক প্রযুক্তির সহায়তায় তিনি আরও এক ধাপ এগিয়ে যান। মোবাইল ফোনে ইউটিউব দেখে বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিজের পাওয়ারটিলারটিকে ছোট একটি রাইস মিলে রূপান্তর করেন। বর্তমানে তিনি বাড়ি বাড়ি গিয়ে ধান ভাঙানোর কাজও করছেন। ফলে কৃষকদের আর দূরের ধানকল পর্যন্ত যেতে হচ্ছে না।

সুধীর দাস জানান, ফোনে যোগাযোগ পেলেই তিনি পাওয়ার টিলার নিয়ে সরাসরি কৃষকদের বাড়িতে পৌঁছে যান এবং সেখানেই ধান ভাঙানোর কাজ সম্পন্ন করেন। এতে কৃষকদের সময় ও খরচ—দুইই কম। একই সঙ্গে এই কাজ থেকে তিনি ভাল আয়ও করছেন।

এদিকে তাঁর স্ত্রী জানান, সরকারের সহায়তায় পাওয়া এই পাওয়ারটিলারটি তাঁদের পরিবারের আর্থিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগে সংসার চালাতে অনেক কষ্ট হলেও এখন পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, সুধীর দাসের এই উদ্যোগ শুধু তাঁর নিজের জীবনেই পরিবর্তন আনেনি, বরং এলাকার অন্যান্য কৃষকদের কাছেও নতুন সম্ভাবনার দিশা দেখিয়েছে। পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রামাঞ্চলের সাধারণ কৃষকরাও যে সাফল্যের পথ তৈরি করতে পারেন, তারই বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন সুধীর দাস।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande