
দুর্গাপুর, ১৩ মার্চ (হি.স.): জম্মুতে সামরিক মহড়ার সময় দুর্ঘটনায় শহীদ ভারতীয় সেনাবাহিনীর জওয়ান অজয় জয়সওয়ালের মরদেহ শুক্রবার দুর্গাপুরের পৈতৃক বাড়িতে পৌঁছতেই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পূর্ণ সামরিক মর্যাদায় বীর জওয়ানকে শেষ শ্রদ্ধা জানান দুর্গাপুরবাসী।
জানা গেছে, দুর্গাপুরের মামড়া বাজার এলাকার বিদ্যাসাগর পল্লির বাসিন্দা অজয় জয়সওয়াল ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। জম্মুতে সামরিক মহড়া চলাকালীন কামানের গোলা বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি বাবা সঞ্জয় জয়সওয়াল, মা প্রবীন দেবী জয়সওয়াল এবং ভাই বিজয় জয়সওয়ালকে রেখে গিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে বিশেষ বিমানে তাঁর মরদেহ অন্ডাল বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে পানাগড় বায়ুসেনা ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে সেখান থেকে তেরঙ্গা পতাকায় মোড়া কফিনবন্দি দেহ পুষ্পসজ্জিত সামরিক গাড়িতে করে তাঁর পৈতৃক বাড়ি মামড়া বাজারের বিদ্যাসাগর পল্লিতে আনা হয়।
শহীদের মরদেহ পৌঁছাতেই পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। এলাকায় উপস্থিত সাধারণ মানুষও ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে বীর জওয়ানকে শেষ শ্রদ্ধা জানান। সেনাবাহিনীর পক্ষ থেকে রাইফেল নত করে শ্রদ্ধা জানানো হয় এবং গান স্যালুট প্রদান করা হয়।
শহীদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তাঁরা শহীদের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, জম্মুতে সামরিক মহড়ার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় অজয় জয়সওয়ালের মৃত্যু হয়েছে। তাঁর আত্মত্যাগের জন্য দুর্গাপুরবাসী গর্বিত। প্রশাসনের পক্ষ থেকে শহীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা