গলসীতে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা
দুর্গাপুর, ১৩ মার্চ (হি.স.): পূর্ব বর্ধমানের গলসী বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শুক্রবার গলসী বিধানসভার চাকতেঁতুল এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে রাস্তার ধারে ওই পোস্টার
গলসীতে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা


দুর্গাপুর, ১৩ মার্চ (হি.স.): পূর্ব বর্ধমানের গলসী বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শুক্রবার গলসী বিধানসভার চাকতেঁতুল এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে রাস্তার ধারে ওই পোস্টারগুলি নজরে আসে।

পোস্টারে গলসী (এসসি) কেন্দ্রের বিধায়ক নেপাল ঘড়ুইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে সরানোর দাবি জানানো হয়েছে। পোস্টারের নিচে তৃণমূল কংগ্রেসের সমর্থনে স্লোগানও লেখা রয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাকতেঁতুল অঞ্চলটি বিজেপির শক্তঘাঁটি হিসেবে পরিচিত। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অন্দরেও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ রয়েছে বলে স্থানীয় মহলের একাংশের দাবি। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের গলসী–১ ব্লক সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় অভিযোগ করে বলেন, এর পিছনে বিজেপির হাত থাকতে পারে। বিষয়টি পুলিশ ও দলের জেলা নেতৃত্বকে জানানো হয়েছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ অস্বীকার করে বিজেপির দুর্গাপুর–বর্ধমান সাংগঠনিক জেলার সহ-সভাপতি রমন শর্মা বলেন, এই পোস্টারের সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। এদিকে এ বিষয়ে তৃণমূল বিধায়ক নেপাল ঘড়ুইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে গলসী এলাকায় এই পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande