
কলকাতা, ১৩ মার্চ (হি.স.): রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে আরও পাঁচটি নতুন সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদ গঠন করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে (এক্স) এক বার্তার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মুন্ডা (এসটি), কোড়া (এসটি), ডোম (এসসি), কুম্ভকার (ওবিসি) এবং সদগোপ (ওবিসি) সম্প্রদায়ের জন্য এই পাঁচটি নতুন পর্ষদ গঠন করা হচ্ছে। তিনি লেখেন, এই সম্প্রদায়গুলি বাংলার বহুত্ববাদী ও প্রাণবন্ত সমাজ-সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাঁদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই নতুন পর্ষদগুলির মূল লক্ষ্য হবে সংশ্লিষ্ট সম্প্রদায়গুলির স্বতন্ত্র ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করা। এর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যপরিষেবা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এই জনজাতির মানুষদের আরও উন্নতির পথ সুগম করা হবে। তাঁদের প্রথাগত অধিকার সুরক্ষিত রাখার পাশাপাশি সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এই পর্ষদগুলি বিশেষ সহায়তা করবে বলে মুখ্যমন্ত্রী আশাপ্রকাশ করেছেন।
২০১৩ সাল থেকে রাজ্য সরকার অনগ্রসর ও প্রান্তিক সম্প্রদায়ের সর্বাঙ্গীণ উন্নয়নের লক্ষ্যে এ ধরনের একাধিক পর্ষদ গঠন করে আসছে। মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় পুনর্ব্যক্ত করেছেন যে, ‘মা, মাটি, মানুষ’-এর সরকারের অঙ্গীকার হলো নিশ্চিত করা যাতে কোনও সম্প্রদায়ই উন্নয়নের দৌড়ে পিছিয়ে না পড়ে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও অবিচল সহায়তার মাধ্যমে প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর সরকারের মূল লক্ষ্য বলে তিনি জানান। বক্তব্যের শেষে তিনি বরাবরের মতো ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিজের সংকল্প প্রকাশ করেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত