
কলকাতা, ১৩ মার্চ (হি.স.): বহরমপুর কোর্ট স্টেশনে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় টিকিট কাউন্টারটি পুনরায় চালুর দাবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখলেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার শ্রী চৌধুরীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই চিঠির বিষয়টি প্রকাশ্যে আসে।
রেলমন্ত্রীকে দেওয়া চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী উল্লেখ করেছেন যে, বর্তমানে বহরমপুর কোর্ট স্টেশনে ট্রেনের সংখ্যা এবং যাত্রী সংখ্যা— দুই-ই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু তা সত্ত্বেও একটি টিকিট কাউন্টার কমিয়ে দেওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কাউন্টারে দীর্ঘ লাইনের কারণে যাত্রীদের সময় নষ্ট হচ্ছে এবং অনেকে ট্রেন ধরতেও সমস্যায় পড়ছেন।
যাত্রী সাধারণের সুবিধার্থে এবং স্টেশনের ব্যস্ততার কথা মাথায় রেখে অবিলম্বে আগের মতো একজোড়া অর্থাৎ দুটি টিকিট কাউন্টারই সচল করার আবেদন জানিয়েছেন তিনি। জনস্বার্থে এই দাবি দ্রুত পূরণ হবে বলে শ্রী চৌধুরী আশা প্রকাশ করেছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত