
জয়নগর, ১৩ মার্চ (হি.স.): ডাকাতির পরিকল্পনার আগেই পুলিশের জালে ধরা পড়ল এক সন্দেহভাজন ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে জয়নগর থানার পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। থানার আইসি সুব্রত মালাকারের নির্দেশে দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের জোড়াপুল এলাকায় নজরদারি শুরু করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে প্রথমে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে অসংলগ্ন উত্তর মেলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম ধনঞ্জয় অধিকারী। তাঁর বাড়ি কুলতলি থানার পাঁচ নম্বর মধুসূদনপুর এলাকায়।
পুলিশের প্রাথমিক অনুমান, এলাকায় ডাকাতির উদ্দেশ্যেই তিনি ঘোরাঘুরি করছিলেন। তবে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।
শুক্রবার ধৃতকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনার পেছনে অন্য কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত