
কলকাতা, ১৩ মার্চ (হি.স.): শনিবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হাই-ভোল্টেজ সফরে তিনি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি বিশাল জনসভায় ভাষণ দেবেন এবং একই সঙ্গে রাজ্যে ১৮,৬৮০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ব্রিগেডে এটিই হতে চলেছে প্রধানমন্ত্রীর প্রথম প্রকাশ্য জনসভা। প্রধানমন্ত্রীর এই সফরে সড়ক, রেল, বন্দর ও জাহাজ চলাচল সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা হবে। বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রায় ১৬,৯৯০ কোটি টাকা ব্যয়ে ৪২০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও এছাড়াও প্রধানমন্ত্রী ১১৬-এ নম্বর জাতীয় সড়কের অধীনে খড়গপুর-মোড়গ্রাম অর্থনৈতিক করিডোরের ২৩১ কিলোমিটার দীর্ঘ চার লেনের রাস্তার পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। রেলওয়ে ক্ষেত্রে ‘অমিত ভারত স্টেশন’ প্রকল্পের অধীনে রাজ্যের ছয়টি পুনর্নির্মিত স্টেশনেরও উদ্বোধন হবে।
নির্বাচন কমিশন আগামী সপ্তাহেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে— এমন জল্পনার মধ্যেই প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিজেপি সূত্রের খবর, ভোটার তালিকা সংশোধনের পর শুরু হওয়া ‘পরিবর্তন যাত্রা’ ইতিমধ্য়েই রাজ্যে প্রায় ১০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে। অন্যদিকে, সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর ) রাজ্য থেকে প্রায় ৬৩.৬৬ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এবং প্রায় ৬০ লক্ষ ভোটারকে ‘বিচারাধীন’ তালিকায় রাখা হয়েছে। এই পরিস্থিতির মধ্যে ব্রিগেডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ ঘিরে তিলোত্তমায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি যানজট এড়াতে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। শনিবার এসপ্ল্যানেড র্যাম্প, কে.পি. রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং কুইন্সওয়েতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ১৪ মার্চ ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে সব ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি পরিষেবা যেমন— এলপিজি, সিএনজি, পেট্রোলিয়াম, ওষুধ, দুধ, ফল ও সবজি বহনকারী গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা, এজেসি বোস রোডের হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড এবং হসপিটাল রোডে গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ভিভিআইপি কনভয় এবং মিছিলের রুট দেখে অন্যান্য রাস্তা থেকেও যান চলাচল ঘুরিয়ে দেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি